তরুণ বয়সে তিনি কলকাতায় মহাজনের কাজ করতেন। ১৭৯৬ সালে রামমোহন অর্থোপার্জন শুরু করেন। ১৮০৩ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। কলকাতায় প্রায়ই আসতেন এবং কোম্পানির নবাগত অসামরিক কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের নানা বিষয়ে সাহায্য করেন। এই সুযোগে ভালো করে ইংরেজি শিখে নেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে সিভিলিয়ান কর্মচারীদের মধ্যে জন ডিগবি সাহেবের সঙ্গে তার সর্বাধিক ঘনিষ্ঠতা হয়। রংপুরের কালেকটর ডিগবি সাহেব প্রথমে তাকে কেরানি হিসেবে অস্থায়ী নিয়োগ দেন। রংপুর সেরেস্তার পূর্বতন দেওয়ান গোলাম শাহ পদত্যাগ করলে তার স্থলে রামমোহনকে নিয়োগ করার জন্য ৫ ও ৩০ নভেম্বর ১৮০৯ খ্রিস্টাব্দ তারিখের দুটি পত্রে তাৎকালিক রেভিনিউ বোর্ডে সুপারিশপত্র লিখেছিলেন ডিগবি সাহেব। ঐ নিয়োগ ব্যাপারে রামমোহনের জামিনদার হয়েছিলেন বর্তমান লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের জমিদার মির্জা আব্বাস আলী (মির্জা তকীর ছেলে) এবং রংপুরের জমিদার জয়রাম সেন। ১৮০৩ থেকে ১৮১৪ সাল পর্যন্ত রামমোহন রংপুর সেরেস্তায় দেওয়ান পদে কাজ করেন। এই সময়ের মধ্যে তিনি দু'বার ভুটান সীমান্তে যান কোম্পানির হয়ে দৌত্যকার্যে। ডিগবির সাহচর্যে তার সমস্ত নতুন চিন্তা এই সময়ের মধ্যেই পরিপক্কতা লাভ করে।
সে সময় রংপুর জেলা সদরের অফিস-আদালত ছিল মাহিগঞ্জে। মাহিগঞ্জের তামফাটে নিজ গৃহে সন্ধ্যাবেলা ধর্মবিষয়ক আলোচনার জন্য ১৮১২ সালের দিকে তিনি একটি সভা গড়ে তুলেছিলেন। এ সভায় আসতেন তন্ত্রশাস্ত্রবিদ হরিহরানন্দ তীর্থস্বামী তথা নন্দকুমার বিদ্যালঙ্কার (১৭৬২ - ১৮৩২), তদীয় ছোটভাই অভিধানকার ও স্মৃতিশাস্ত্রবিদ রামচন্দ্র বিদ্যাবাগীশ (রংপুরে রামমোহনের প্রধান সহযোগী : ১৭৮৬ - ১৮৪৫) এবং আরো অনেক পণ্ডিত মানুষ। মাহিগঞ্জ তথা রংপুরের জৈন সম্প্রদায়ের অনেকেই এ সভার সদস্য ছিলেন।[৩]১৮১৫ খ্রিষ্টাব্দ থেকে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন, এখন থেকেই প্রকাশ্যে তার সংস্কার-প্রচেষ্টার শুরু।
তার প্রথম প্রকাশিত গ্রন্থ ফারসি ভাষায় লেখা (ভূমিকা অংশ আরবিতে) তুহফাতুল মুহাহহিদিন। বইটিতে একেশ্বরবাদের সমর্থন আছে। এরপর একেশ্বরবাদ (বা ব্রাহ্মবাদ) প্রতিষ্ঠা করার জন্য বেদান্ত-সূত্র ও তার সমর্থক উপনিষদগুলি বাংলার অনুবাদ করে প্রচার করতে থাকেন। ১৮১৫ থেকে ১৮১৯ খ্রিষ্টাব্দের মধ্যে প্রকাশিত হয় বেদান্তগ্রন্থ, বেদান্তসার, কেনোপনিষদ, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মাণ্ডূক্যোপনিষদ ও মুণ্ডকোপনিষদ। রক্ষণশীল ব্যক্তিরা ক্রুদ্ধ হয়ে তার লেখার প্রতিবাদ দেখাতে লাগলেন। এই সব প্রতিবাদ কটূক্তিপূর্ণ এবং বিদ্বেষ ভাবাপন্ন। রামমোহনও প্রতিবাদের প্রতিবাদ করলেন যুক্তি দিয়ে ও ভদ্রভাষায়। প্রতিবাদ-কর্তারা অবিলম্বে থেমে গিয়েছিলেন। প্রতিবাদ-কর্তাদের মধ্যে প্রথম ও প্রধান ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এঁর গ্রন্থের নাম 'বেদান্তচন্দ্রিকা'। বেদান্তচন্দ্রিকা'র প্রতিবাদে রামমোহন ভট্টাচার্যের সহিত বিচার লিখে প্রতিবাদীদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। 'বেদান্ত গ্রন্থ' প্রকাশের সঙ্গে তিনি ব্রহ্মনিষ্ঠ একেশ্বর উপাসনার পথ দেখালেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে। এই আত্মীয় সভাকেই পরে তিনি ব্রাহ্মসমাজ নাম ও রূপ দেন। সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ রচনা করেন। [৪]